কলকাতার মহাজাতি সদনে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে পাক্ষিক পত্রিকা আনন্দবাহার-এর ১৫ বছরে পদার্পণ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে পত্রিকার সঙ্গে যুক্ত বিশিষ্ট শুভানুধ্যায়ীদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কর্নাটকের বিশিষ্ট কবি, চিন্তাবিদ, সমাজকর্মী ও পরিবেশবিদ শ্রী নাগাথিহাল্লি রমেশ। কাবেরী বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ রমেশকে “গঙ্গা কাবেরী মহাসাগর ও পৃথিবী করুণা” আন্তর্জাতিক সম্মানে ভূষিত করা হয়।
পদ্মশ্রীপ্রাপ্ত জাতীয় শিক্ষক কাজী মাসুম আখতার এবং সমাজসেবী শ্যামল বণিক তাঁর হাতে এই সম্মান তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জন ঘোষাল, বাদল মজুমদার, সিএবি সদস্য সুদীপ ব্যানার্জি, কবি মদন চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক পর্বে উদ্বোধনী সংগীত পরিবেশন করে পদার্পণ গোষ্ঠী এবং সমাপ্তি সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী গণেশ রায়। কবিতা পাঠ করেন সুব্রত হাইত, আর সঙ্গীত পরিবেশন করেন দেবাশিস মল্লিক ও বাদল মজুমদার।
এদিন মঞ্চে গঙ্গা ও কাবেরীর জল দিয়ে একটি গাছে সেচ প্রদান করে ‘গাছ বাঁচাও’ আন্দোলনের সূচনা করা হয়। বক্তব্যে নাগাথিহাল্লি রমেশ পরিবেশ ও নদী রক্ষায় ব্যক্তি স্বার্থ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান। কাজী মাসুম আখতার ও শ্যামল বণিক বৃক্ষরোপণ, গ্লোবাল ওয়ার্মিং এবং এল নিনো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনন্দবাহার পত্রিকার পক্ষ থেকে প্রবাল কুমার চক্রবর্তী।


