সুমন আদক, হাওড়া: গঙ্গার নীচে মেট্রোর পর এবার হাওড়ায় ‘আন্ডারওয়াটার হাইওয়ে’ ! জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। তিনি জানান, এর আগে দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো হাওড়া দেখেছে। এবার আন্ডারওয়াটার হাইওয়ে হাওড়া দেখবে। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই পরিকল্পনার কথা জানান রাজ্যের পরিষদীয় বিষয়ক এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। তিনি বলেন, “অটল বিশ্বাস পাক্কা ইরাদা, বাতে কম কাম জাদা। এখন আমাদের এটাই লক্ষ্য। আমরা কথায় নয়, কাজে করে দেখাব।
দু’বছর আগে ভারতবর্ষের স্বচ্ছতা নিয়ে সার্ভে হওয়ার পর দেখা যায় হাওড়া দেশের সবচেয়ে নোংরা শহর। আর এই হাওড়ার মধ্যে সবথেকে বেশি নোংরা উত্তর হাওড়া। আমরা জানি নাগরিক পরিষেবা বিঘ্নিত হলে কি হয়। মানুষ গ্রীষ্মকালে ছুটি চায়। কিন্তু আমার এলাকার লোক বর্ষাকালে ছুটি চায়। কারণ এই এলাকা বর্ষাকালের তিনমাস জলের তলায় ডুবে থাকে। আগামী সাড়ে তিন বছরের ভিতরে আমরা ড্রেনেজ সিস্টেম নিয়ে একটা মাস্টারপ্ল্যান তৈরি করেছি। সেটা এই বছরই অ্যাপ্রুভ হবে। ৪ হাজার ৭০০ কোটি টাকা দিয়ে আমরা হাওড়া শহরের জল নিকাশি ব্যবস্থা আপডেট করব। উত্তর হাওড়ায় নতুন জলপ্রকল্প চালু হয়েছে। সেটা অক্টোবর মাস থেকে বাড়ি বাড়ি জল যাবে।
ফোরশোর রোড, গঙ্গার ধারে সৌন্দর্যায়নের কাজ চলছে। দুর্গাপূজার সময় বা তারপর থেকে আমরা সমস্ত রাস্তার সংস্কার করা হবে। যেখানে প্রয়োজন সেখানে ফ্লাইওভার হবে। যেখানে প্রয়োজন সেখানে রিং রোড হবে। শালিমার রেলওয়ে স্টেশনের পাশে ফেরিঘাট তৈরি করা হচ্ছে যাতে ট্র্যাফিক জ্যাম কম হয়। আগামী দিনের জন্য অনেক পরিকল্পনাই রয়েছে। আধুনিক হাওড়া, গ্রিন সিটি, ভ্যাটমুক্ত রাস্তা, পরিষ্কার-পরিচ্ছন্ন হাওড়া কয়েক বছরের মধ্যেই দেখা যাবে। যা ভারতবর্ষের কোথাও নেই আন্ডারওয়াটার মেট্রো হাওড়া দেখেছে। এবার আন্ডারওয়াটার হাইওয়ে হাওড়া দেখবে”।


