মদ বিক্রি বন্ধের দাবিতে থানার দ্বারস্থ মহিলারা

মালদা, বিশ্বজিৎ মন্ডলঃ অবাধে মদ বিক্রির জেরে এলাকায় অশান্তি বাড়ছে বলে অভিযোগ তুলে মদ বিক্রি বন্ধের দাবিতে রবিবার থানার দ্বারস্থ.....

মালদা, বিশ্বজিৎ মন্ডলঃ অবাধে মদ বিক্রির জেরে এলাকায় অশান্তি বাড়ছে বলে অভিযোগ তুলে মদ বিক্রি বন্ধের দাবিতে রবিবার থানার দ্বারস্থ হলেন একদল মহিলা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের গান্ধীনগর গ্রামের। স্থানীয় মহিলাদের অভিযোগ, গ্রামের একই পাড়ায় অন্তত ছয়জন প্রকাশ্যে মদ বিক্রি করছেন। ফলে এলাকার বহু পুরুষ নিয়মিত মদ্যপানে আসক্ত হয়ে পড়েছেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই বাড়িতে স্ত্রীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন বলেও অভিযোগ।

 

এর জেরে একাধিক পরিবারে নিত্যদিন অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, শুধু স্থানীয়রাই নন, বাইরের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ গান্ধীনগরে মদপান করতে আসছেন। এর ফলে এলাকায় বিশৃঙ্খলা, অশালীন আচরণ এবং সামাজিক পরিবেশের অবনতি ঘটছে। শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রেবতি রিসি, পায়েল রিসি ও চানমুনি রিসিরা বলেন, আমাদের স্বামীরা নিয়মিত কাজ করেন না।

 

আমরা মাঠে কাজ করে যে টাকা উপার্জন করি, সেই টাকা কেড়ে নিয়ে মদ পান করে শেষ করে দেয়। এর ফলে সংসারে অভাব-অনটন বাড়ছে। প্রতিবাদ করলে মারধরেরও শিকার হতে হয়। পরিবারের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। মহিলাদের দাবি, অবিলম্বে এলাকায় অবৈধ মদ বিক্রি বন্ধ করতে হবে এবং যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন