মালদা,বিশ্বজিৎ মন্ডল; স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে গঙ্গায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্র। নদীতে তলিয়ে যাওয়ার ২৪ ঘন্টা পর নদী থেকেই উদ্ধার হল তার নিথর দেহ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এল মালদার বৈষ্ণবনগর থানা সংলগ্ন ফরাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গাঘাট এলাকায়। জানা গেছে, মৃত ছাত্রের নাম সাহিন আকতার। বয়স ১৪০ বছর। বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর অঞ্চলের মালেক মোড় এলাকায়। পরিবার সূত্রে খবর, বুধবার সাহিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়।
কিন্তু স্কুলে না গিয়ে তারা চার বন্ধু মিলে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গাঘাটে স্নান করতে নামে। আর স্নান করতে নেমেই সাহিন সহ তিন বন্ধু জলে তলিয়ে যেতে শুরু করে। ওই সময় স্থানীয় জেলে মাঝিরা সাহিনের বন্ধুদের বাঁচাতে সক্ষম হলেও, সাহিন জলে তলিয়ে যায়। এরপর থেকে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযানে নামে। অবশেষে বৃহস্পতিবার নদী থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর বৈষ্ণবনগর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।


