প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, জেফরি এপস্টাইনের কাছে পর্ন সংস্থার জন্য অর্থ চেয়েছিলেন অ্যানথ্রপিক প্রধানের স্ত্রী

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কৃত্রিম মেধা নির্মাতা সংস্থা অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেইয়ের স্ত্রী তথা প্রভাবশালী উপদেষ্টা ক্যামি ক্লার্ক এক.....

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কৃত্রিম মেধা নির্মাতা সংস্থা অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেইয়ের স্ত্রী তথা প্রভাবশালী উপদেষ্টা ক্যামি ক্লার্ক এক দশক আগে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের কাছে নিজের প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্ন সংস্থার জন্য বিনিয়োগ চেয়েছিলেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এবং এপস্টাইন মামলার প্রকাশিত নথি ও ইমেল থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। প্রকাশিত নথি সূত্রে জানা গেছে, ২০১১ সালের মার্চ মাসে সাহিত্যিক প্রতিনিধি জন ব্রকম্যানের মাধ্যমে ক্লার্ক ও তাঁর ব্যবসায়িক অংশীদারের পরিচয় হয় এপস্টাইনের সঙ্গে। ২০০৮ সালেই নাবালিকা সংক্রান্ত যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টাইন।

 

তা সত্ত্বেও তাঁর সঙ্গে নৈশভোজ সারেন ক্লার্ক এবং পরদিনই নিজের তৈরি সংস্থার জন্য অর্থায়নের প্রস্তাব পাঠান। তৎকালীন নথিতে ক্লার্ক তাঁর প্রকল্পটিকে নারীদের উপযোগী এক বৈপ্লবিক পর্ন সংস্থা হিসেবে বর্ণনা করেছিলেন। এমনকি কয়েকটি সিনেমার চিত্রনাট্যও তিনি এপস্টাইনকে পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে ২০১২ সালের মার্চ মাসেও বিনিয়োগের প্রস্তাব নিয়ে তাঁদের মধ্যে বার্তা বিনিময় হয়। তবে এপস্টাইন শেষ পর্যন্ত এই প্রকল্পে অর্থ দিতে অস্বীকার করেন এবং লিখিত বার্তায় জানান যে তিনি এ ধরনের মাধ্যমে যৌনতায় বিনিয়োগ করতে অক্ষম। অ্যানথ্রপিক সংস্থায় কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও ক্যামি ক্লার্ককে তাঁর স্বামী দারিও আমোদেইয়ের নেপথ্য কৌশলগত উপদেষ্টা ও অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।

 

ডাভোস থেকে শুরু করে নয়াদিল্লির আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী ও নীতি-নির্ধারকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ক্লার্ক সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে গুগলের প্রাক্তন প্রধান এরিক শ্মিটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ক্লার্কের। পরবর্তীতে তিনিই শ্মিটের সঙ্গে আমোদেইয়ের পরিচয় করিয়ে দেন, যাঁর হাত ধরে অ্যানথ্রপিকের প্রাথমিক পর্যায়ে বারো কোটি চল্লিশ লক্ষ ডলারের বিনিয়োগ নিশ্চিত হয়েছিল। বর্তমানে অ্যানথ্রপিক যখন কৃত্রিম মেধার বাজারে দ্রুত বিস্তার লাভ করছে, তখন সংস্থা প্রধানের ঘনিষ্ঠ উপদেষ্টার এই অতীতের বিনিয়োগ প্রচেষ্টা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরও পড়ুন