১৭ অগস্ট থেকে আরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার

অন্নপূর্ণা যোজনার পরিধি বাড়াতে যোগ্যতার নিয়মে আরও কিছুটা ছাড় দিল রাজ্য সরকার। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ির ঘরের সংখ্যা এবং জমির.....

অন্নপূর্ণা যোজনার পরিধি বাড়াতে যোগ্যতার নিয়মে আরও কিছুটা ছাড় দিল রাজ্য সরকার। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ির ঘরের সংখ্যা এবং জমির পরিমাণ নিয়ে যে বিধিনিষেধ ছিল, তার কিছুটা পরিবর্তন করা হয়েছে। এর ফলে এত দিন শুধু ওই দুই শর্তের কারণে প্রকল্পের বাইরে থাকা বহু মহিলার সামনে নতুন করে সুযোগ তৈরি হতে পারে। এরই মধ্যে প্রথম দফার টাকা পাঠানোর প্রস্তুতি শেষ। আগামীকাল, ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা করে পাঠানো শুরু হবে। তবে এই দফায় নতুন করে আবেদন করা প্রত্যেকেই টাকা পাবেন না। ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই-পর্ব পেরিয়েছে, তাঁদেরই প্রথমে অর্থ পাঠানো হবে।

 

তার পরের আবেদনগুলির যাচাই শেষ হলে ধাপে ধাপে তাঁদেরও টাকা দেওয়ার ব্যবস্থা হবে। রবিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১০ জুলাইয়ের পরে জমা পড়া বহু আবেদনের যাচাই এখনও সম্পূর্ণ হয়নি। ফলে সেগুলি নিয়ে এখনই অর্থ বরাদ্দ করা সম্ভব হচ্ছে না। তাঁর কথায়, “অন্নপূর্ণা প্রকল্প পেতে যাঁরা আগ্রহী তাঁদের ৯০ শতাংশই টাকা পাবেন বলে আমরা আশাবাদী। ১ কোটি ৮০ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে অধিকাংশই পাওয়ার জায়গায় আছে।” সরকারের হিসাব অনুযায়ী, গত জুলাইয়ে প্রায় ১ কোটি ১৯ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পেয়েছেন। এবার আবেদনকারীর সংখ্যা আরও বাড়ায় যোগ্যতার কয়েকটি মাপকাঠি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় গ্রামীণ এলাকায় কোনও বাড়িতে তিনটি বা তার বেশি ঘর থাকলেই আবেদন বাতিল করা হবে না।

 

জমির ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন এসেছে। কর্পোরেশন এলাকার বাইরে পুরসভা এবং গ্রামীণ অঞ্চলে ৫০ শতকের বেশি জমি থাকার শর্ত শিথিল করা হয়েছে। তবে কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে এখনও যোগ্যতার ক্ষেত্রে বাধা থাকতে পারে। ফলে এই সিদ্ধান্তের তাৎপর্য শুধু নতুন উপভোক্তা বাড়ানোতেই সীমাবদ্ধ নয়। বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার পরে যাচাই-প্রক্রিয়ায় যে চাপ তৈরি হয়েছে, তার মধ্যেই যোগ্যতার কয়েকটি শর্ত নমনীয় করে প্রকল্পের আওতা বাড়ানোর চেষ্টা করছে সরকার। তবে শেষ পর্যন্ত কত জন আবেদনকারী বাস্তবে সুবিধা পাবেন, তা নির্ভর করবে যাচাই-পর্ব শেষ হওয়ার পরেই।

আরও পড়ুন