এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু: আল হুসেইন, আল শোর্তা ও আল সিবের সঙ্গে একই গ্রুপে ইস্টবেঙ্গল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৬-২৭-এর গ্রুপ পর্বে জর্ডানের আল হুসেইন এসসি, ইরাকের আল শোর্তা এসসি এবং ওমানের আল সিব ক্লাবের.....

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৬-২৭-এর গ্রুপ পর্বে জর্ডানের আল হুসেইন এসসি, ইরাকের আল শোর্তা এসসি এবং ওমানের আল সিব ক্লাবের সঙ্গে ‘গ্রুপ ডি’-তে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার, ১৮ আগস্ট, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়।

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৫-২৬-এর চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড গত বুধবার প্রিলিমিনারি পর্বে কুয়েতের আল আরাবি এসসি-কে ৪-১ ব্যবধানে পরাস্ত করে মূল গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এশিয়ার দ্বিতীয় সারির এই ক্লাব টুর্নামেন্টে এটি ইস্টবেঙ্গলের নবম বারের মতো গ্রুপ পর্বে অংশগ্রহণ। এর আগে ২০১৫ সালে তারা শেষবার এই প্রতিযোগিতায় (তখন এএফসি কাপ নামে পরিচিত ছিল) খেলেছিল।

গ্রুপ পর্বের প্রতিপক্ষ দলগুলোর মধ্যে আল হুসেইন জর্ডান প্রোলিগের ২০২৫-২৬ মরশুমের চ্যাম্পিয়ন, আল শোর্তা ইরাক স্টার্স লিগের রানার্স-আপ এবং আল সিব ওমান প্রফেশনাল লিগের গত মরশুমের বিজয়ী দল।

পশ্চিম ও পূর্ব জোনের ১৬টি করে মোট ৩২টি দলকে চারটি করে দল নিয়ে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল নকআউট পর্ব তথা রাউন্ড অফ ১৬-এ উন্নীত হবে।

ইস্টবেঙ্গল তাদের গ্রুপের প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে গ্রুপ পর্বের ম্যাচ শুরু হতে চলেছে, যা শেষ হবে ৯ ডিসেম্বর। এরপর আগামী বছরের ৯ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে রাউন্ড অফ ১৬-এর ম্যাচগুলো। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচগুলি যথাক্রমে ২–১৮ মার্চ এবং ৬–১৪ এপ্রিলের মধ্যে খেলা হবে। টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৫ মে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৬-২৭:

গ্রুপ ড্রয়ের সম্পূর্ণ ফলাফল

গ্রুপ এ: আল ওয়াহদা এফসি (সংযুক্ত আরব আমিরাত), পিএফসি নাসাফ (উজবেকিস্তান), কুয়েত এসসি (কুয়েত), আল খালিদিয়া এসসি (বাহরাইন)

গ্রুপ বি: আল জাজিরা ক্লাব (সংযুক্ত আরব আমিরাত), গোলগোহর সিরজান এসসি (ইরান), আল মুহাররাক এসসি (বাহরাইন), এফসি আরকাদাগ (তুর্কমেনিস্তান)

গ্রুপ সি: আল তাউন এফসি (সৌদি আরব), আল রাইয়ান এসসি (কাতার), আল ফয়সালি (জর্ডান), আল নাহদা ক্লাব (ওমান)

গ্রুপ ডি: আল হুসেইন এসসি (জর্ডান), আল শোর্তা এসসি (ইরাক), আল সিব ক্লাব (ওমান), ইস্টবেঙ্গল এফসি (ভারত)

গ্রুপ ই: এফসি সিউল (দক্ষিণ কোরিয়া), মেলবোর্ন ভিক্টরি এফসি (অস্ট্রেলিয়া), দ্য কং – ভিয়েতেল এফসি (ভিয়েতনাম), পার্সিব বান্দুং (ইন্দোনেশিয়া) / ম্যানিলা ডিগার (ফিলিপাইন)

গ্রুপ এফ: অ্যাডিলেড ইউনাইটেড (অস্ট্রেলিয়া), বিজি পাতুম ইউনাইটেড (থাইল্যান্ড), লায়ন সিটি সেলার্স এফসি (সিঙ্গাপুর), তাই পো এফসি (হংকং)

গ্রুপ জি: এফসি মাচিদা জেলভিয়া (জাপান), সাংহাই শেনহুয়া এফসি (চীন), প্রিয়া খান রিয়াচ স্বয় রিয়েং এফসি (কম্বোডিয়া), তামপাইনস রোভার্স এফসি (সিঙ্গাপুর)

গ্রুপ এইচ: গ্যাংওন এফসি (দক্ষিণ কোরিয়া), কুচিং সিটি এফসি (মালয়েশিয়া), কিৎচি এসসি (হংকং), নম পেন ক্রাউন এফসি (কম্বোডিয়া)

আরও পড়ুন