আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান শহরে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে বুধবার অনুষ্ঠিত হল এক বিশাল পদযাত্রা, যেখানে অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এদিন পদযাত্রা শুরু হয় ডিএনএইচএ (দিনহাটা নয়) কালিতলা এলাকার তৃণমূল কার্যালয় থেকে। সেখান থেকে আমতলা, মৌসুমী ক্লাব, পীরপুকুর, নিচুপাড়া, বাঁকা ব্রিজ, পালপাড়া বাজার মোড়, কিরণ সংঘ ক্লাব হয়ে পুলিশ লাইন বাজার পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে এই পদযাত্রা।
পদযাত্রায় তৃণমূল কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এক নজর দেখতে রাস্তায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।
এদিন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, ‘উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং মানুষের স্বার্থে খোকন দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।’ অন্যদিকে, প্রার্থী খোকন দাসও সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়ার কথা উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বর্ধমান দক্ষিণে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর এই ধরনের কর্মসূচি সেই লড়াইকে আরও জোরদার করছে বলেই মত রাজনৈতিক মহলের।


