বাংলার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিনই তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ভিডিও বার্তাকে বড়সড় হাতিয়ার করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে রাহুলের মাত্র তেরো সেকেন্ডের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে রাজ্য বিজেপি। সেই ভিডিওতে লোকসভার বিরোধী দলনেতাকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যে একটি পরিচ্ছন্ন সরকার চালাতেন এবং রাজ্যকে এতটা মেরুকরণের দিকে ঠেলে না দিতেন, তাহলে বাংলায় বিজেপির উত্থানের জন্য রাস্তা কখনওই পরিষ্কার হত না।
এই ভিডিওটি শেয়ার করে বিজেপির তরফে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষের সুরে লেখা হয়েছে যে, তৃণমূল সম্পর্কে একের পর এক নির্মম সত্য প্রকাশ্যে আনছেন তিনি। উল্লেখ্য, প্রথম দফার ভোটের ঠিক আগের দিন এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডের একটি দীর্ঘ ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন রাহুল, আর সেখান থেকেই এই নির্দিষ্ট অংশটি কেটে নিজেদের প্রচারের কাজে লাগিয়েছে গেরুয়া শিবির।

