নির্বাচনের কোপে পর্যটন কেন্দ্র

দোরগোড়ায় নির্বাচন। আর সেই হাই-ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিকে।.....

দোরগোড়ায় নির্বাচন। আর সেই হাই-ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিকে। ২৯ এপ্রিল সাগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার বিকেল থেকেই বকখালির সমস্ত ছোট-বড় হোটেল ও লজ কার্যত ‘শাটডাউন’ করে দেওয়া হয়েছে। সোমবার থেকেই পর্যটন কেন্দ্রটি পর্যটকশূন্য হয়ে এক জনমানবহীন এলাকায় পরিণত হয়েছে।
নির্বাচন কমিশনের কড়া নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ‘বহিরাগত’ অর্থাৎ যারা ওই এলাকার ভোটার নন, তারা অবস্থান করতে পারেন না।

 

বকখালি সাগর বিধানসভা কেন্দ্রের একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অংশ। পর্যটকদের ভিড়ের আড়ালে রাজনৈতিক দলগুলো যাতে বহিরাগতদের এনে এলাকায় অশান্তি ছড়াতে না পারে, সেই সম্ভাবনা পুরোপুরি রুখতেই প্রশাসনের এই কঠোর পদক্ষেপ। প্রশাসনের নির্দেশিকা মেনে সোমবার বিকেল ৫টায় প্রচারের মাইক স্তব্ধ হওয়ার পর থেকেই পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দুপুরের পর থেকেই পর্যটকদের চেক-আউট প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং নতুন করে কোনো বুকিং নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেল মালিক সংগঠনকে স্পষ্ট জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে, ভোটের দিন পর্যন্ত কোনো পর্যটক বা বহিরাগতকে হোটেলে রাখা যাবে না।

 

২৯ তারিখ শেষ দফার ভোট পর্ব মেটার পর, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় পর্যটকদের জন্য হোটেলের দরজা খুলে দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার বিকেল বিকেল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ বকখালির অলিগলিতে রুট মার্চ ও টহল দিচ্ছে। প্রতিটি হোটেলের রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি হুঁশিয়ারিতে জানানো হয়েছে, যদি কোনো হোটেল কর্তৃপক্ষ প্রশাসনের নিয়ম লঙ্ঘন করে গোপনে কাউকে আশ্রয় দেয়, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে প্রশাসনের এই ‘শাটডাউন’ সিদ্ধান্তে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা থাকলেও, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রা।সাগর বিধানসভার এই হেভিওয়েট লড়াইয়ে বকখালির নিস্তব্ধতা এখন ২৯ তারিখের চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায়।

আরও পড়ুন