সৌভিক দত্ত, ধূপগুড়িঃ ছয় মাসেই ধসে যাচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। রাস্তা যেন ছোট খাটো পুকুরে পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। জেলা পরিষদের তত্ত্বাবধানে ধূপগুড়ি ভাওয়াল পাড়া গিলান্ডি সেতু
থেকে ঝালটিয়া পর্যন্ত কোটি টাকার পথশ্রী প্রকল্পের রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলো স্থানীয়রা। এই রাস্তা দিয়ে খগেনহাট থেকে শুরু করে পূর্ব মল্লিক পাড়া, ঝালটিয়া বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে। প্রতিদিন বহু কলেজ পড়ুয়া, রুগীদের যাতায়াত। ধূপগুড়ি কলেজ ও হাসপাতাল যাওয়া যায় কম সময়ে। কিন্তু বর্তমানে রাস্তার যা পরিস্থিতি রোগী নিয়ে চলাচল করলে যে কোন সময় ঘটতে পারে বিপদ।
মাঝেমধ্যেই টোটো উল্টে যাচ্ছে বলে অভিযোগ। যে কোন সময় টোটো, গাড়ি উল্টে যেতে পারে। বিশেষ করে সমস্যা রাতের বেলা। অন্ধকারে দূর থেকে গর্ত বোঝা যায় না। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা পুরোপুরি বেহাল অবস্থায় ছিল। ধুলোয় অতিষ্ঠ হয়ে যেত সাধারণ মানুষ। অনেক আন্দোলন,পথ অবরোধ, বিক্ষোভে ফসল ছিল নতুন করে রাস্তা নির্মাণ। অনেকেই ভেবেছিল এবার হয়তো দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু নতুন করে রাস্তা নির্মাণের ছয় মাসের মধ্যেই ফের ধীরে ধীরে একই ছবি ফুটে উঠছে। নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি এই বেহাল রাস্তার জন্য তৃণমূল সরকারের নেতাদের দায়ী করেছেন তারা।
স্থানীয় বাসিন্দা মোঃ আলতাফ হোসেন বলেন রাস্তা শিলান্যাসের সময় অনেক তৃণমূলের নেতাকর্মীদের দেখা গিয়েছে। তৃণমূল নেতাদের মদতে ঠিকাদার সংস্থা নিম্নমানের রাস্তার কাজ করে চলে গিয়েছে। এখন সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। আর দিকে হেরে গিয়ে তৃণমূল নেতাদের আর দেখা যাচ্ছে না।
স্থানীয় এক টোটো চালক গোপিমৈত্র বলেন আমি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে টোটো চালাই। খুবই নিম্নমানের কাজ হয়েছে। আশা রাখব নতুন সরকারের আমলে যত রাস্তার কাজ হবে সঠিকভাবে যেন হয়।
এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।


