ফুটপাথ দখলকে ফ্যাশন বলে কটাক্ষ করে শহরের ফুটপাথ দখলমুক্ত করার পক্ষে সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেন,ফুটপাথ দখল একটা ফ্যাশন পশ্চিমবাংলায়। রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দার জন্য এতদিন তা দখলমুক্ত করেননি। কিন্তু এটা করতেই হবে। লোকে এখন অ্যাডজাস্ট করছে।শহরের ফুটপাথ দখলমুক্ত করার লক্ষ্যে বিজেপি সরকার শুরু থেকেই উদ্যোগী। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন। সম্প্রতি পার্ক স্ট্রিটের কাছে ফুটপাথে এক মহিলাকে শিশুর দুধ গরম করতে দেখে তিনি আপত্তি জানান। পরে জানা যায়, পরিবারটি ফুটপাথেই থাকে এবং তাদের কোনও বাড়ি নেই।
ঘটনাটি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়।মঙ্গলবার বিধায়ক সজল ঘোষ ওই পরিবারকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে নিয়ে যান। মুখ্যমন্ত্রী পরিবারটির জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে পুরসভাকে নির্দেশ দেন।এদিন দিলীপ বলেন, যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। ফলে ফুটপাথ দখল থাকলে সমস্যা বাড়ছে। তাঁর কথায়, দখল সরালে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে। ওই পরিবারের সঙ্গে তাঁরও দেখা হয়েছে বলে জানান তিনি। পরিবারটি মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছে বলেও জানান মন্ত্রী। শহর পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, পুরো কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে।


