আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে নামখানা ও নারায়ণপুর অঞ্চলে প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে জলপথ ও স্থলপথে কড়া নাকা চেকিং। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সহযোগিতায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূলবর্তী এবং সীমান্ত সংলগ্ন হওয়ায় এই এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।
জলপথে বিশেষ নজরদারি চালানো হচ্ছে মৎস্যজীবীদের ট্রলার এবং সন্দেহভাজন নৌযানগুলির উপর। নদী ও সমুদ্র সংলগ্ন এলাকায় চলাচলকারী প্রতিটি ট্রলার এবং জাহাজকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে আসা সন্দেহভাজন জাহাজ বা নৌযানের উপর বাড়তি নজর রাখা হচ্ছে। প্রতিটি নৌযানের নথিপত্র ও পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে বিস্তারিত জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
অন্যদিকে স্থলপথেও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও প্রবেশপথে বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট। সেখানে গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে। সন্দেহজনক কিছু নজরে এলেই সঙ্গে সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, নির্বাচন ঘিরে এলাকায় এই ধরনের কড়া নজরদারি আগে খুব একটা দেখা যায়নি। তবে প্রশাসনের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে ও ভোটের দিন পর্যন্ত এই ধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে, যাতে কোনওরকম বেআইনি কার্যকলাপ বা অশান্তির ঘটনা ঘটতে না পারে।


