মেদিনীপুরে গজরাজের হানায় আহত একাধিক, ভাঙল গাড়ি

ভোররাতে কংসাবতী পেরিয়ে আসা একপাল হাতির তাণ্ডবে রণক্ষেত্র হয়ে উঠল মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকা। শুক্রবার ভোরে ঝাড়গ্রামের মানিকপাড়ার কুমারী.....

ভোররাতে কংসাবতী পেরিয়ে আসা একপাল হাতির তাণ্ডবে রণক্ষেত্র হয়ে উঠল মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকা। শুক্রবার ভোরে ঝাড়গ্রামের মানিকপাড়ার কুমারী থেকে আসা প্রায় ৫০টি হাতির একটি দল নদী পেরিয়ে এলাকায় ঢুকে পড়ে। হাতির দলের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক-সহ বেশ কয়েকজন গ্রামবাসী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিঘার পর বিঘা বোরো ধান চাষ নষ্ট করার পাশাপাশি একটি চারচাকা গাড়ি ও তিনটি বাইক গুঁড়িয়ে দিয়েছে গজরাজরা। একদিকে যখন বিধানসভা নির্বাচনের প্রচারে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই বুনোদের এই হানায় গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে।

 

স্থানীয় সূত্রে খবর, হাতির দলটিকে তাড়াতে গেলে উল্টে গ্রামবাসীদের দিকেই ধেয়ে আসে তারা। খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছন বনদপ্তরের কর্মীরা। আপাতত বনকর্মীরা দলটির গতিবিধির ওপর নজরদারি শুরু করেছেন। দপ্তরের আধিকারিকদের তরফে গ্রামবাসীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ‘গ্রামবাসীদের সজাগ ও সতর্ক থাকতে হবে, হাতিকে উত্যক্ত করা যাবে না এবং হাতির যাত্রা পথে বাধা দেওয়া যাবে না’। ফসল ও ঘরবাড়ি হারানো বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও ভয় দুই-ই কাজ করছে। আপাতত এলাকাটি কড়া নজরদারিতে রাখা হয়েছে।

আরও পড়ুন