মঞ্চে বক্তব্য রাখার মাঝেই চাঞ্চল্যকর ঘটনা। নওশাদ সিদ্দিকী-র কনভয়ের গাড়ি এবং তাঁর নিজস্ব গাড়িতে হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ভাঙড় বিধানসভার ভাঙড় ২ নম্বর ব্লকের চড়িস্বর এলাকায়। শনিবার সন্ধ্যায় ওই এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখছিলেন নওশাদ সিদ্দিকী। অভিযোগ, সভা শেষ হওয়ার আগেই মঞ্চের কাছেই রাখা তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনার প্রতিবাদে আইএসএফ সমর্থকরা ঘটকপুকুর সংলগ্ন বাসন্তী রোড দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, পরিস্থিতির দিকে নজর প্রশাসনের।

