শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ রানা চ্যাটার্জির সমর্থনে মঙ্গলবার বিকেলে দাসনগর পেট্রোল পাম্প থেকে জাপানি গেট পর্যন্ত এক রোড শো অনুষ্ঠিত হয়। ওই রোড শো-র প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। এদিন প্রার্থী ছাড়াও তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউসুফ পাঠান বলেন, ‘ডাঃ রানা চ্যাটার্জির রোড শো-তে এসে খুব ভালো লাগছে। এখানে এসে কর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ্য করছি। এখানে রানা চ্যাটার্জির ব্যাপক সমর্থন দেখতে পাচ্ছি।
উনি জয়ী হয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন।’ এসআইআরে বহু নাম বাদ দেওয়া প্রসঙ্গে ইউসুফ পাঠান বলেন, ‘এসআইআরে যেভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। কোথাও দেখা গেছে বাচ্চার নাম আছে, অথচ তার বাবার নাম নেই। আবার কোথাও দেখা গেছে বাবার নাম আছে, বাচ্চার নাম নেই। এমনকি বহু বৈধ ভোটারকেও তাঁদের নাগরিকত্ব প্রমাণের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে যেটা খুবই দুঃখের ব্যাপার।’


