হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ড. রানা চ্যাটার্জি এবং দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে বুধবার বিকেলে রামরাজাতলা শঙ্কর মঠ থেকে এক বিশাল নির্বাচনী পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের পদযাত্রায় ওই দুই কেন্দ্রের প্রার্থীরা ছাড়াও অরূপ রায়, গৌতম চৌধুরী, কৈলাশ মিশ্র অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, বিশ্ব মজুমদার সহ অন্যান্যরা।
এদিন বিকেল সাড়ে পাঁচটায় ওই পদযাত্রা শুরু হয়। এরপর রামচরণ শেঠ রোড, কল্পনা ক্লিনিক মোড়, সাঁতরাগাছি মোড়, নতুন রাস্তা, ডুমুরজলা, বেলেপোল হয়ে ওই পদযাত্রা শেষ হয়। এদিনও কাতারে কাতারে মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় জমান। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড়ের চাপে বারবারই থমকে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। তিনি মাঝপথে দাঁড়িয়ে পড়েন। করজোরে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুষ্পবৃষ্টির মাধ্যমে, ফুল মালায় সকলেই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
মুখ্যমন্ত্রী রাস্তার দু’ধারে দাঁড়ানো মহিলাদের সঙ্গেও হাত মেলান। কার্যত মুখ্যমন্ত্রীকে ঘিরে এদিন বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল জনতার। রাস্তার ধারে বিভিন্ন বহুতল বাড়ির ছাদ, বারান্দা থেকেও মানুষ পুষ্পবৃষ্টি করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এদিন রাস্তার দু’ধারের অগণিত মানুষকে সামলাতে কার্যত হিমশিম খান নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। ব্যারিকেডের ওপার থেকে একবার ‘দিদি’র হাত ধরতে মহিলারাও বারে বারে বেষ্টনী ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী নিজেও অনেক জায়গায় তাঁদের দিকে এগিয়ে যান।


