পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকায় উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ মাঠের বিজয় সংকল্প সভা থেকে তিনি দাবি করেন, তাঁর দীর্ঘ পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে এবারের নির্বাচনেই সবথেকে কম হিংসার ঘটনা ঘটেছে। এই শান্তিপূর্ণ এবং অবাধ ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন এবং নিষ্ঠাবান সরকারি কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটারদের অভিনন্দন জানিয়ে গণতন্ত্রের এই উৎসবে রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদনও জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, ভয়ের পরিবেশ কাটিয়ে কৃষ্ণনগর তথা গোটা নদিয়া জেলায় এখন পরিবর্তনের হাওয়া বইছে। অসম, কেরল ও পুদুচেরির উদাহরণ টেনে মোদী বলেন, যেখানেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেখানেই মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।


