বিজেপি প্রার্থীকে ‘চাল চোর’ কটাক্ষ অভিষেকের, পাল্টা চ্যালেঞ্জ প্রার্থীর

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। রবিবার পারুলিয়া বৈদ্যপুর খেলার মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থী.....

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। রবিবার পারুলিয়া বৈদ্যপুর খেলার মাঠে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসুন্ধরা গোস্বামীর সমর্থনে বিশাল জনসভা থেকে বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ২০২০ সালে রেশন সামগ্রী পাচারের ঘটনায় বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় হাতেনাতে ধরা পড়েছিলেন।

 

তাঁর দাবি, ওই রেশন ডিলার গোপালবাবুর আত্মীয় এবং তদন্তের সময় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনাকে সামনে এনে তিনি কটাক্ষ করে বলেন, এলাকায় নাকি তাঁকে ‘চাল চোর গোপাল’ বলেও ডাকা হয়। যদিও এই অভিযোগ নিয়ে গোপালবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেন, তিনি যদি এক বাপের বেটা হন তাহলে গ্রামে সংবাদমাধ্যমকে নিয়ে এসে জিজ্ঞাসা করুন তিনি চাল চোর কি না।

 

যদি গ্রামের একটিও মানুষ তাঁর নামে চাল চুরির কথা বলেন, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী, কাটোয়ার প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী স্বপন দেবনাথসহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক। জনসভায় উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়, যাকে ঘিরে তৃণমূল শিবিরে বাড়ছে আত্মবিশ্বাস। সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৯ এপ্রিলের ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানান—সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীকে বিপুল ভোটে জয়ী করার বার্তাও দেন।

আরও পড়ুন