উত্তরবঙ্গ ও সিকিমে অতিভারী বৃষ্টির সতর্কতা মৌসম ভবনের

ভ্যাপসা গরম আর লু-র দাপটে যখন নাজেহাল দশা, ঠিক তখনই ভোল বদলাতে চলেছে প্রকৃতির। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতসহ পূর্ব.....

ভ্যাপসা গরম আর লু-র দাপটে যখন নাজেহাল দশা, ঠিক তখনই ভোল বদলাতে চলেছে প্রকৃতির। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি। বিশেষ করে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২৮ এপ্রিল নাগাদ এই অঞ্চলে আকাশভাঙা বৃষ্টি হতে পারে, যা চলবে ১ মে পর্যন্ত। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

 

উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতেও দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। অরুণাচল প্রদেশে ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এবং আসাম ও মেঘালয়ে ২৭ থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ২৬ ও ২৮ এপ্রিল বিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের কিছু অংশে ঝড়ের দাপট এতটাই বেশি হতে পারে যে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কেরালাতেও ২৯ এপ্রিল থেকে ১ মে-র মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

 

অন্যদিকে, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপপ্রবাহের জ্বালা এখনই মিটছে না। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাটের মতো রাজ্যগুলোতে আগামী দু-তিন দিন লু-র দাপট বজায় থাকবে। তবে স্বস্তির খবর এই যে, ২৮ এপ্রিলের পর থেকে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করবে। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।

 

তবে ভোটের বাংলায় আশঙ্কার মেঘ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গ নিয়েও। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। একদিকে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, তখন প্রকৃতির এই খামখেয়ালিপনা ভোটারদের বুথমুখী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। মে মাসের শুরুতে গরমের দাপট কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলোতে।

আরও পড়ুন