দ্বিতীয় দফার ভোটের কিছু ঘটনা

দ্বিতীয় দফার ভোটে উত্তেজনা ভবানীপুরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন অশান্তির ছবি দ্বিতীয় দফার ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায়.....

দ্বিতীয় দফার ভোটে উত্তেজনা ভবানীপুরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন অশান্তির ছবি
দ্বিতীয় দফার ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় দেখা গেল উত্তেজনা ও বিচ্ছিন্ন অশান্তির ঘটনা। বিশেষ করে ভবানীপুরকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছয়।

সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ার একটি বুথে কিছুক্ষণ অবস্থানও করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, রাতের অন্ধকারে তাঁদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তাঁর কথায়, “এভাবে ভোট হয় না। এটা গণতন্ত্রের উৎসব, কিন্তু বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। আমাদের কর্মীরা প্রাণ দিতে রাজি, তারা এলাকা ছাড়বে না”।
অন্যদিকে, হাওড়ার লিলুয়ার অভয় গুহ রোডের সোহনলাল স্কুলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তৃণমূলের এক এজেন্টকে মারধর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে এবং তিনজনকে আটক করা হয়। বুথের সামনে বৃষ্টির মধ্যেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে।

উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভার কেউটিয়া এলাকার ৩৪ নম্বর বুথ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তৎপরতায় বড়সড় অশান্তি এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে তৎপর হন বিজেপি প্রার্থী রাজেশ কুমার।

এছাড়াও নদিয়ার চাকদহ বিধানসভা কেন্দ্রের ভবানীপুর সুকান্ত বিদ্যা নিকেতন স্কুলের ১১৪ নম্বর বুথে ভোট দেন হরিণঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার।
সবমিলিয়ে, দ্বিতীয় দফার ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি উঠে এল উত্তেজনা ও অশান্তির একাধিক ছবি।

আরও পড়ুন