মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব সামলানোর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় চমক দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ২৬ মে অসম বিধানসভায় পেশ হতে চলেছে বহু প্রতীক্ষিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বিল। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর দিসপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ২১ থেকে ২৬ মে পর্যন্ত বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনের শুরুতেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন এবং শেষ দিনে বিধানসভায় এই ঐতিহাসিক বিলটি পেশ করবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী শর্মার বক্তব্য অনুযায়ী, এই প্রস্তাবিত আইনের মাধ্যমে বিয়ের ন্যূনতম বয়স, বহুবিবাহ রোধ, সম্পত্তিতে উত্তরাধিকার এবং লিভ-ইন রিলেশনশিপের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলিকে একটি নির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় আনা হবে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, সাধারণ মানুষের ধর্মীয় আচার-আচরণে এই আইন কোনও হস্তক্ষেপ করবে না। পাশাপাশি, রাজ্যের পাহাড় ও সমতলে বসবাসকারী জনজাতি বা আদিবাসী সম্প্রদায়গুলিকেও এই আইনের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড ও গুজরাটের পর তৃতীয় রাজ্য হিসেবে অসম এই পদক্ষেপ নিতে চলেছে।


