আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় নতুন মোড় এল। মামলার দ্রুত ও বিস্তারিত শুনানির স্বার্থে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। এবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হবে।
এর আগে সময়ের অভাবের কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। পরে একই কারণে মামলাটি থেকে অব্যাহতি নেয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চও। এরপর মামলাটি নতুন বিশেষ বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
আদালত সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জমা দেওয়া অতিরিক্ত হলফনামার ভিত্তিতে সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। সেই রিপোর্ট সম্প্রতি মুখবন্ধ খামে আদালতে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই বিচারপতি মান্থার বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানায়।
শুনানির সময় বিচারপতি মান্থা মন্তব্য করেন, এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। রাজ্যজুড়ে এই ঘটনাকে ঘিরে উদ্বেগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিস্তারিত শুনানির জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন এমন বেঞ্চেই মামলাটি পাঠানো উচিত বলে মত প্রকাশ করেন বিচারপতি।
এদিকে, আরজি কর কাণ্ডে বিচারবিভাগীয় কমিশন গঠনের সম্ভাবনাও সামনে এসেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনও রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে জোর চর্চা চলছে।


