২৫ দিন বাকি থাকলেও ভারতে বিশ্বকাপ সম্প্রচারে ঘোর কাটেনি! দৌড়ে ইউটিউব ও অ্যামাজন

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ২৫ দিন বাকি। ইতিমধ্যেই বিশ্বের ১৮১টি দেশের সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত করে ফেলেছে.....

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ২৫ দিন বাকি। ইতিমধ্যেই বিশ্বের ১৮১টি দেশের সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত করে ফেলেছে ফিফা। এমনকি চিনের টিভি স্বত্ব নিয়েও কোনো জটিলতা নেই। কিন্তু ব্যতিক্রমীভাবে এই তালিকায় এখনও ঝুলে রয়েছে ভারতের নাম। ২০২৬ ফুটবল বিশ্বকাপ ভারতীয় দর্শকরা কীভাবে ও কোন মাধ্যমে দেখতে পাবেন, তা নিয়ে সংশয় অব্যাহত। তবে এরই মধ্যে ডিজিটাল মাধ্যমে খেলা দেখানোর জন্য দৌড়ে এগিয়ে এসেছে দুই জায়ান্ট সংস্থা—ইউটিউব এবং অ্যামাজন প্রাইম।

আগামী ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ৪৮ দেশের এই মেগা বিশ্বকাপ। ফিফা ভারতের বাজারের জন্য ২০২৬ ও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের সম্মিলিত সম্প্রচার স্বত্বের বেস প্রাইস বা ভিত্তিমূল্য ধরেছিল প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা)। কিন্তু ভারতীয় চ্যানেল ও ওটিটি জায়ান্ট ‘জিও’ এবং ‘সোনি’ ফিফার এই আকাশছোঁয়া দামের চেয়ে অনেকটাই কম টাকার প্রস্তাব দেওয়ায় আলোচনার পথ আটকে যায়।

মন্থর গতির পেছনে ‘টাইমিং’ ফ্যাক্টর
টেলিভিশন ও ওটিটি নেটওয়ার্কগুলোর এই অনীহার পেছনে বড় কারণ হলো ম্যাচের সময়সূচি। উত্তর আমেরিকায় খেলা হওয়ায় অধিকাংশ ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী গভীর রাত বা ভোরে অনুষ্ঠিত হবে (যেমন: রাত ১২:৩০, ১:৩০, ৩:৩০, ভোর ৪:৩০ এবং সকাল ৬:৩০)। এই সময়ে ভারতে বিজ্ঞাপন ও দর্শক টানার বিষয়টি কতটা লাভজনক হবে, তা নিয়ে চ্যানেল সংস্থাগুলো যথেষ্ট সন্দিহান। আর সে কারণেই বিপুল টাকা বিনিয়োগে পিছু হটছে তারা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অচলাবস্থা কাটাতে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে এসেছে ইউটিউব প্রিমিয়াম ও অ্যামাজন প্রাইম। তবে ইউটিউবে খেলা দেখা গেলেও দর্শকদের পকেট কেটে ‘প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন নিতে হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মের এই দৌড়াদৌড়ির মাঝে টেলিভিশনে খেলা দেখা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। দেশের সরকারি চ্যানেল ‘দূরদর্শন’ (Doordarshan) সম্প্রচারের জন্য মাত্র ৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। তবে এই শর্তে পুরো টুর্নামেন্ট নয়, ভারতীয় দর্শকরা কেবল ফ্রি-টু-এয়ার মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোই দেখতে পাবেন । শেষ পর্যন্ত কোটি কোটি ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য টিভির পর্দা অন্ধকারই থাকবে নাকি শেষ মুহূর্তে কোনো মিরাকেল ঘটবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন