ডায়মন্ড হারবার রোডের একটি ছয়তলা আবাসন ভেঙে ফেলার নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দমকল বিভাগের জারি করা নোটিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন আবাসনের বাসিন্দারা। শনিবার জরুরি শুনানির পর সেই নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। দমকল বিভাগের দাবি, বহুতলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই।
সেই কারণেই বাসিন্দাদের দ্রুত ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি আলিপুর থানাকে ২৪ ঘণ্টার মধ্যে ভবনটি ভেঙে ফেলার জন্যও জানানো হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন আবাসনের বাসিন্দারা। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ৩০ জুন পর্যন্ত ওই বহুতলের বিরুদ্ধে কোনও ভাঙার পদক্ষেপ করা যাবে না।
শুধু স্থগিতাদেশই নয়, এত কম সময়ের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ কেন দেওয়া হল, তা নিয়েও দমকল বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। আগামী ৮ জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ ও অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


