বিশ্বকাপ জয়ের স্বীকৃতি: আইপিএলের মাঝেই ‘ভূমিপুত্র’ ঈশান কিষানকে ১ কোটি টাকা উপহার বিহার সরকারের

আইপিএলের ব্যস্ত সূচির মাঝেই বড়সড় আর্থিক পুরস্কার ও সম্মানে ভূষিত হলেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে.....

আইপিএলের ব্যস্ত সূচির মাঝেই বড়সড় আর্থিক পুরস্কার ও সম্মানে ভূষিত হলেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিহার সরকারের তরফ থেকে ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হলো সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা ব্যাটারকে।

পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে দেখা করেন ঈশান। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ঈশানের হাতে ১ কোটি টাকার চেক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রথাগত ঐতিহ্য মেনে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় এই ক্রিকেটারকে। অনুষ্ঠানে ঈশানের পরিবারের সদস্যদের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব প্রত্যয় অমৃত-সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করলেও ঈশানের শিকড় জড়িয়ে রয়েছে বিহারের মাটিতেই। বিহারের নওয়াদা জেলায় জন্ম এবং পাটনাতেই কেটেছে তাঁর শৈশব। সে কারণেই রাজ্য সরকার তাঁকে ‘বিহারের ভূমিপুত্র’ হিসেবে সম্মানিত করেছে । সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লিখেছেন ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ঈশান কিষান অত্যন্ত প্রতিভাবান এক ব্যাটার। তিনি বিহারের ভূমিপুত্র। বিশ্বজয়ে তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিহার সরকারের পক্ষ থেকে তাঁকে সম্মানিত ও ১ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে । ‘

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বজয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন ঈশান। টুর্নামেন্টে ৯ ম্যাচে ৩১৭ রান করে তিনি ছিলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তাঁর ৪০ বলে ৭৭ রানের ম্যাচজয়ী ইনিংসটি ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘকাল গেঁথে থাকবে।

বিশ্বকাপের সেই দুর্দান্ত ফর্ম তিনি বজায় রেখেছেন চলতি আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১২ ম্যাচে ইতিমধ্যেই ৪২০ রান করে ফেলেছেন তিনি। শুধু ব্যাটার হিসেবেই নয়, নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে কিছু ম্যাচে দলকে সফলভাবে নেতৃত্বও দিয়েছেন ঝোড়ো মেজাজের এই উইকেটকিপার-ব্যাটার।

আরও পড়ুন