তীব্র দাবদাহে পুড়ছে গোটা জঙ্গলমহল। অস্বস্তিতে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষ। সকাল থেকেই আগুন ঝরানো রোদের তাপ আর গরম হাওয়ার দাপটে কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুপুর গড়াতেই শহরের একাধিক রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছেন না। অন্যদিকে এই ভয়াবহ গরমে লস্যির দোকান, ঠান্ডা পানীয় ও তরল পানীয় জলের দোকানগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
পথচলতি মানুষ থেকে শ্রমজীবী সকলেই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে ঠান্ডা পানীয়ের উপরই ভরসা করছেন। আবহাওয়ার এই চরম পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বৃদ্ধ, শিশু ও নিত্যদিনের খেটে খাওয়া মানুষরা। তীব্র রোদ ও গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন। কবে বৃষ্টি নামবে সেই আশাতেই চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। এখন একটাই প্রার্থনা – একটু বৃষ্টি নামুক, আর স্বস্তি ফিরুক জঙ্গলমহলের মানুষের জীবনে।


