মালদা,বিশ্বজিৎ মন্ডল: বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে পূর্ব রেলের মালদহ ডিভিশন। অভিযানের ফলে মাত্র ১০ দিনের মধ্যেই রেকর্ড পরিমাণ আয় হয়েছে রেলের। ২০২৬ সালের মে মাসের প্রথম ১০ দিনে টিকিট চেকিংয়ের মাধ্যমে প্রায় ১ কোটি ৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে। মালদহ ডিভিশনের ইতিহাসে কোনও ১০ দিনের সময়কালে এটিই সর্বোচ্চ আয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গেছে, মালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন ও দূরপাল্লার ট্রেনে বিশেষ টিকিট পরীক্ষার অভিযান চালানো হচ্ছে। বিনা টিকিটে যাতায়াত, অনিয়মিত টিকিট ব্যবহার এবং নিয়ম ভঙ্গ করায় যাত্রীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ধার্য করা হচ্ছে। এই ধারাবাহিক ও নিবিড় অভিযানের ফলেই এই উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে মনে করছেন রেল কর্মকর্তারা। পূর্ব রেলওয়ে মালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিং জানান, “চলতি বছরের মে মাসের প্রথম ১০ দিনে টিকিট চেকিং থেকে যে আয় হয়েছে, তা আগের সময়ের তুলনায় প্রায় ২৮১.৪৪ শতাংশ বেশি। মোট আয় হয়েছে এক কোটি তিন লক্ষ টাকা।
তিনি আরও বলেন, মূলত ফরাক্কা, আজিমগঞ্জ সহ বিভিন্ন ছোট-বড় স্টেশনে এই অভিযান জোরদার করা হয়েছে। ফলে একদিকে যেমন রেলের রাজস্ব বাড়ছে, অন্যদিকে যাত্রীদের মধ্যে টিকিট কেটে যাতায়াতের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে। বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে নিয়মিত চেকিং চলবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে, ট্রেনে ওঠার আগে অবশ্যই টিকিট কেটে নিতে। এতে শুধু জরিমানা বাঁচবে না, রেল সেবার মান উন্নয়নেও সাহায্য করবে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই বলছেন, বিনা টিকিটে যাতায়াতের কারণে ট্রেনে অসুবিধা হয়, এখন নিয়ম মেনে চললে সবারই সুবিধা হবে।


