দলীয় কর্মীদের কড়া বার্তা জিতেন্দ্র তেওয়ারির

শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাণ্ডবেশ্বরের কুমারডিহি কমিউনিটি হলে নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। দলের নেতা-কর্মীরা.....

শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাণ্ডবেশ্বরের কুমারডিহি কমিউনিটি হলে নবনির্বাচিত বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। দলের নেতা-কর্মীরা এই সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন। সংবর্ধনা সভায় এসে বিধায়ক তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া ভাষায় বার্তা দেন যে, এটা বিজেপি দল, তৃণমূল নয়। তাই কেউ যদি মনে করে তৃণমূলের নেতাদের মতো আচরণ করবে বিজেপিতে থেকে, তাহলে বিজেপিতে তার জায়গা হবে না।

 

পাশাপাশি তিনি এও বলেন, যারা একেবারে সামনে সারিতে থেকে নির্বাচনে দলের হয়ে কাজ করেছিল, তাদেরকে আগামী পঞ্চায়েতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে পঞ্চায়েতে মানুষের মন পেতে দলেরই নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগ লাগবে। বিধায়ক বলেন, কেউ যদি মনে করে বিজেপিতে থেকে তৃণমূলের নেতাদের মতো করে জীবনযাপন করবে, তাহলে সে ভুল ভাবছে। তাই সকলকে সংযত হতে হবে এবং মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে।

 

এছাড়াও তিনি বলেন, আগামীর পঞ্চায়েত ভোটে জয়লাভ করার জন্য মানুষের ভোটেই জয়লাভ করতে হবে, কোনো রকম অসৎ উপায়ে জয়লাভের জায়গা নেই বিজেপিতে। পাশাপাশি বিধায়ক মঞ্চে সংবর্ধনা প্রসঙ্গে বলেন যে, এত টাকার ফুলের তোড়া দিয়ে যে সংবর্ধনার আয়োজন, এটা বন্ধ হোক। একটা চন্দনের ফোঁটা দিয়েই সংবর্ধনা দেওয়া যায়। যে টাকা দিয়ে ফুলের তোড়া কেনা হচ্ছে, সেই টাকায় এলাকায় দুঃস্থ, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বই-খাতা কিনে দিলে আমি বেশি খুশি হব। এদিনের পাশাপাশি তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে, তৃণমূলের কোনো নেতার বিজেপিতে জায়গা হবে না।

আরও পড়ুন