কখনো এসএসসি নিয়োগ দুর্নীতি আবার কখনো বা প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি – বিগত তৃণমূল সরকারের আমলে বারে-বারে বাংলার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির ঘটনা শিরোনাম হয়েছে দেশজুড়ে। তবে এবারে বাংলার সেই ভাবমূর্তি পরিবর্তন করে নতুন স্বচ্ছ ভাবমূর্তি তৈরীর জন্য উদ্যোগ গ্রহণ করলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকারের কঠোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘পূর্বের সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতিতে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে’। তিনি জানান, নতুন সরকার আগামী বাজেট অধিবেশনেই নতুন নিয়োগ নীতির প্রস্তাব বিধানসভায় পেশ করতে পারে এবং তা দ্রুত কার্যকর করা হবে।
এখন থেকে চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। শিয়ালদহে আয়োজিত এক সরকারি রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন। সিদ্ধান্তের ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেন, ‘কার্বন কপি প্রত্যেক যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি- এই শব্দগুলির উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে’। এই পদক্ষেপ দুর্নীতির উৎস বন্ধ করবে বলে তিনি মত দেন। গত সরকারের আমলে মৌখিক পরীক্ষায় স্বজনপোষণের ব্যাপক অভিযোগ ছিল। মৌখিকে অতিরিক্ত নম্বর পাইয়ে দিয়ে ‘অযোগ্য’রাও নিয়োগের সুযোগ পেয়েছিল। সেই বিতর্ক মাথায় রেখেই মৌখিকে ন্যূনতম নম্বর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল জমানায় এসসি, এসটি, অরিজিনাল ওবিসি ও বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের সংরক্ষণেও সংবিধানের নিয়মাবলী মানা হয়নি। এবার রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ দেবে। তিনি আরও যোগ করেন, ‘স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা যাবে না’। মৌখিকের ক্ষেত্রে একটি ন্যূনতম নম্বর রাখার কথাও তিনি উল্লেখ করেন, যা নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় রাখবে। ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নই সরকারের একমাত্র লক্ষ্য। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৬ হাজার চাকরি চুরি, টাকা নিয়ে একের পর অযোগ্যদের সুযোগ করে দেওয়ার মতো অভিযোগে পশ্চিমবঙ্গের নিয়োগ সিস্টেমটাই চলে গিয়েছে রসাতলে’। তিনি দাবি করেন, রাজ্যের এই দুর্নীতি দেখে রেল ও আধাসেনার মতো কেন্দ্রীয় সংস্থাগুলিও সতর্ক হয়েছিল।


