যুবভারতীর সামনে থেকে উড়িয়ে দেওয়া হল মমতার ডিজাইনে বানানো ‘বিদঘুটে’ মূর্তি

রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্দেশে যুবভারতীর সামনে থেকে উড়িয়ে দেওয়া হল মমতার ডিজাইনে বানানো ‘বিদঘুটে’ মূর্তি। ক্রীড়ামন্ত্রী নিশীথ কয়েকদিন আগেই.....

রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্দেশে যুবভারতীর সামনে থেকে উড়িয়ে দেওয়া হল মমতার ডিজাইনে বানানো ‘বিদঘুটে’ মূর্তি। ক্রীড়ামন্ত্রী নিশীথ কয়েকদিন আগেই ভিভিআইপি গেটের সামনের এই অর্ধেক শরীরের মূর্তি ভাঙার ঘোষণা করেন। তাঁর নির্দেশেই এদিন শনিবার সকালে মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। ২০১৭ সালে যুবভারতী সংস্কারের সময় এটি স্থাপিত হয়। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত। ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই টুর্নামেন্টের আগেই ঢেলে সাজানো হয়েছিল গোটা স্টেডিয়াম।

 

আর ভিআইপি গেটের বাইরে একটা মূর্তি স্থাপন করা হয়েছিল। পা থেকে কোমর পর্যন্ত মানব রূপের মূর্তিটির ওপর বিশ্ববাংলা লোগো ও পায়ের বলে ‘জয়ী’ লেখা ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির নকশা করেছিলেন। তাঁর অনুপ্রেরণায় তৈরি এই মূর্তি নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। রাজ্যে পালাবদলের পর ১৭ মে যুবভারতীতে ডার্বি ম্যাচ দেখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মূর্তিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তখনই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এটি ভেঙে ফেলার কথা বলেন। নিশীথ প্রামাণিক সেদিন বলেন, ‘এরকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছিল। তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল’। মূর্তি অপসারণের পর এখন জল্পনা, শূন্যস্থানে বিখ্যাত কোনও ফুটবলারের মূর্তি বসবে।

 

ডার্বির রাতেই ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমরা এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই, আমরা সেটা পরিবর্তন করব। এর বদলে বিখ্যাত কোনও ফুটবলারের মূর্তি বসানো হবে’। রবিবার কলকাতা ডার্বির পর, সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি বলেন, ‘খেলাধূলার বিষয়ে কোনও রাজনীতি বরদাস্ত করা হবে না। খেলার ময়দান রাজনীতি মুক্ত হবে। খেলোয়াড়রা রাজনীতি মুক্ত হবে। একই সঙ্গে খেলার সঙ্গে যুক্ত যে ফেডারেশনগুলো আছে তাদের নেপোটিজম, পরিবারবাদ মুক্ত হতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য’। যদিও এত দিকপাল ফুটবলারদের মধ্যে কার মূর্তি সেখানে বসতে চলেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন