আজ থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন.....

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বুধবার থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের নথিভুক্তি প্রক্রিয়া।

মুখ্যমন্ত্রী জানান, বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করা হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পল, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে এই ফর্ম প্রকাশের কর্মসূচি অনুষ্ঠিত হবে। ফর্মের কপি অনলাইন ও অফলাইন — দুটি মাধ্যমেই পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, উপভোক্তারা যত দ্রুত ফর্ম পূরণ করে নাম নথিভুক্ত করবেন, তত দ্রুত তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা করে জমা পড়া শুরু হবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে, যতদিন পর্যন্ত কোনও উপভোক্তা অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ পেতে শুরু না করবেন, ততদিন তাঁর লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা অব্যাহত থাকবে।

ফর্ম পূরণের ক্ষেত্রে সাধারণ মানুষকে সম্পূর্ণ একা ছেড়ে দেওয়া হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। বিধায়করা নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় ফর্ম পূরণে সহায়তা করবেন। একইসঙ্গে বিডিওদের নেতৃত্বে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের ফর্ম পূরণে সাহায্য করবেন।

মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেন যে, এই যোজনার সুবিধা কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। অবৈধ অনুপ্রবেশকারীরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, কল্যাণীর এই প্রশাসনিক বৈঠকে আরও বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত বিস্তারিত তথ্য বুধবার নবান্নের অনুষ্ঠান থেকে জানানো হবে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন।

আরও পড়ুন