উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে রবিবার সকাল থেকেই ফের বাংলাদেশি নাগরিকদের ভিড় লক্ষ্য করা যায়। গতকালের তুলনায় এদিনের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। সকাল হতেই সীমান্ত এলাকায় একাধিক বাংলাদেশি নাগরিককে জড়ো হতে দেখা যায়, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে দালালচক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করা বেশ কিছু বাংলাদেশি নাগরিক বর্তমানে নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই তারা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তকে বেছে নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ভিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা এই ব্যক্তিরা সীমান্ত এলাকায় এসে জমায়েত করছেন বলে স্থানীয়দের দাবি।
সূত্রের খবর, রবিবার সকালে হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রায় ৯০ জন বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৮০ জনকে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা নিজেদের গাড়িতে করে নিয়ে যান। সীমান্ত এলাকায় সেই দৃশ্য নজরে আসে স্থানীয় বাসিন্দাদের।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। হাকিমপুর সীমান্তে পরপর কয়েকদিন ধরে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলেও তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
সীমান্তের এই পরিবর্তিত পরিস্থিতি এখন স্বরূপনগর ও সংলগ্ন এলাকার অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।


