ভরতপুর-২ ব্লকে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, সরকারি নির্দেশ মেনে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতী এলাকাবাসীদের ফর্ম না নেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করে।
অভিযোগ, ফর্ম বিতরণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক আশা কর্মীর উপর শারীরিকভাবে হেনস্তা ও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, তারা শুধুমাত্র সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন। অথচ কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হতে হয়েছে তাদের। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ভরতপুর-২ ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা।


