এসআইআর প্রক্রিয়ায় কাজের স্বীকৃতি, বিএলও ও সুপারভাইজারদের সম্মানিক ঘোষণা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কাজে নিযুক্ত প্রত্যেক বিএলও (বুথ লেভেল অফিসার) এবং বিএলও সুপারভাইজারদের জন্য এককালীন ৬.....

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কাজে নিযুক্ত প্রত্যেক বিএলও (বুথ লেভেল অফিসার) এবং বিএলও সুপারভাইজারদের জন্য এককালীন ৬ হাজার টাকা সম্মানিক ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ-সহ ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক বিএলও ও তাঁদের সুপারভাইজাররা এই এককালীন আর্থিক সুবিধা পাবেন।

নির্বাচন কমিশনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের কাজের পরিমাণ ও দায়িত্বের গুরুত্ব বিবেচনা করেই এই অতিরিক্ত সম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক পারিশ্রমিকের পাশাপাশি এই অর্থ দেওয়া হবে।
উল্লেখ্য, এসআইআরের কাজে নিযুক্ত বিএলওদের জন্য জাতীয় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে বছরে ১২ হাজার টাকা পারিশ্রমিক নির্ধারিত রয়েছে। এছাড়াও ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত এক হাজার টাকা দেওয়া হয়। এবার তার সঙ্গে যুক্ত হল এককালীন ৬ হাজার টাকার অতিরিক্ত সম্মানিক।

প্রসঙ্গত, গত বছর থেকে মৃত, স্থানান্তরিত, ভুয়ো এবং অযোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করে আরও নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির লক্ষ্যে বিভিন্ন রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়। প্রথম পর্যায়ে বিহারে এই কর্মসূচি চালু করা হয়েছিল। পরে দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া সম্প্রসারিত হয়।

নির্বাচন কমিশনের দাবি, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়ার সফল বাস্তবায়ন এবং কাজের ব্যাপ্তি বিশ্লেষণ করেই বিএলও ও তাঁদের সুপারভাইজারদের এই অতিরিক্ত আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন