চেয়ার আঁকড়ে বসতে পারব না’-মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদের

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়েই তিনি এই.....

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পদত্যাগের পর সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, বর্তমান পরিস্থিতিতে পুরসভার সাধারণ পরিষেবা কার্যকরভাবে পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তিনি দায়িত্বে থেকে কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে থাকতে চাননি।

তিনি বলেন, ক্ষমতার জন্য চেয়ার আঁকড়ে বসে থাকার মানুষ আমি নই। যতদিন দায়িত্বে ছিলাম, মানুষের সমস্যা সমাধান এবং নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি।

নিজের মেয়াদকালের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির কথা তুলে ধরে তিনি কোভিড-১৯ মহামারি ও ঘূর্ণিঝড় আমফানের সময় কলকাতা পুরসভার ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর দাবি, সেই কঠিন সময়ে প্রশাসন ও পুরসভা যৌথভাবে নাগরিক পরিষেবা সচল রাখতে নিরলস কাজ করেছে।
এছাড়াও টক-টু-মেয়র কর্মসূচির মাধ্যমে নাগরিকদের অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ, বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন তিনি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, বর্তমান পরিস্থিতিতে মেয়র পদের মর্যাদা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কাঙ্ক্ষিতভাবে কাজ করতে পারছিলেন না। তাঁর কথায়, যে দায়িত্ব একসময় আত্মবিশ্বাসের সঙ্গে পালন করেছি, এখন আর সেইভাবে করতে পারছি না।

তিনি আরও জানান, অনেক পরিকল্পনা ও কাজ অসম্পূর্ণ রেখেই সরে দাঁড়াতে হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে কলকাতার নাগরিকদের স্বার্থে প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখার আবেদন জানান তিনি।

আরও পড়ুন