রতুয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে যানজট সমস্যা

রতুয়া,বিশ্বজিৎ মন্ডল: মালদার রতুয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে যানজট সমস্যা। নিত্যদিন যানজট সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক.....

রতুয়া,বিশ্বজিৎ মন্ডল: মালদার রতুয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে যানজট সমস্যা। নিত্যদিন যানজট সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবী তুললেন রতুয়ার সাধারণ মানুষ। মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হল রতুয়া। রতুয়া স্ট্যান্ড থেকেই মালদা শহর, চাঁচল, গাজোল সহ জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন সাধারণ মানুষ। এমনকি রতুয়া থেকেই পার্শ্ববর্তী রাজ্য বিহারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই কারণে প্রতিদিন বহু মানুষের আনাগোনা রয়েছে রতুয়া স্ট্যান্ডে। এছাড়াও সাধারণ মানুষজন থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক কাজের জন্য রতুয়ায় ভিড় জমান।

 

ফলে প্রায় প্রতিদিনই রতুয়া স্ট্যান্ড এবং রতুয়া ব্লক মোড়ে হাজার হাজার মানুষের আনাগোনা হয়। সেই সমস্ত মানুষ রতুয়ার যানজট সমস্যায় নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েন। স্থানীয়দের অভিযোগ, রতুয়া ব্লক মোড় থেকে ধোবি মোড় পর্যন্ত প্রায় প্রতিদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে রাত পর্যন্ত এই যানজট লেগেই থাকে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে নিয়ন্ত্রণহীন টোটো চলাচল। রতুয়া-১ নাম্বার ব্লক এলাকায় আনুমানিক ১০ থেকে ১২ হাজার টোটো রয়েছে।

 

তবে প্রশাসনের কাছে এর কোন নির্দিষ্ট পরিসংখ্যা নেই। এর মধ্যে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার টোটো রতুয়া স্ট্যান্ড এলাকায় চলাচল করে। অধিকাংশ টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।অন্যদিকে, রাস্তার দু’পাশের ফুটপাতের বড় অংশ দখল করে ব্যবসা চালানোর অভিযোগও উঠেছে কিছু হকারের বিরুদ্ধে। ফলে পথচারীদের বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। যা যানজটকে আরও বাড়িয়ে তুলছে। এর প্রভাব পড়ছে জরুরি পরিষেবার উপরও। প্রায়ই অ্যাম্বুলেন্স, স্কুলগাড়ি, অফিসযাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে পড়ছে বলে অভিযোগ। যানজট মুক্ত করতে প্রশাসনের কোন হেল দল নেই। তাই প্রশাসনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রতুয়া ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।

আরও পড়ুন