রাস্তায় অসুস্থ হয়ে মৃত্যু মহিলার। হাওড়ার সাঁকরাইলের ঘটনা। জানা গেছে, বুধবার ওই মহিলা জনকল্যাণ শিবিরে সরকারি পরিষেবা নিতে এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সাঁকরাইল ব্লকের আন্দুল এফসিএ মিনি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জনকল্যাণ শিবিরে এসেছিলেন তিনি। পরে সেখান থেকে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন দুইল্যা গ্রাম পঞ্চায়েতের মিলবাজার এলাকার বাসিন্দা শিপ্রা দাস (৫০)। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন হঠাৎই মাথা ঘুরে রাস্তায় পড়ে যান তিনি।
স্থানীয়দের উদ্যোগেই তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং অভিযোগ, সেখানে নিয়ে যাওয়ার পথেই ওই মহিলার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ওই মহিলার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সরকারি রিপোর্ট প্রকাশিত হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


