শান্তনু বর্দ্ধন সবং: সবংয়ে চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া ও দুই তৃণমূল নেতা পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাক্তন মন্ত্রী ডা. মানস রঞ্জন ভুঁইয়া এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার এক বাসিন্দা। অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার ১৬ নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।
তাঁর অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তৎকালীন মন্ত্রী ডা. মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় এবং তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ দের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয় বলে দাবি করেছেন তিনি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১ মার্চ ২০২৬ তারিখে ‘CISB Services Private Limited’-এর অধীনে স্টুয়ার্ড পদে তেমাথানী ইরিগেশন বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। তাঁর ওয়ার্কম্যান রেজিস্টার নম্বর ছিল CISB/WB-46।
পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর নিয়মিতভাবে দায়িত্ব পালন করলেও মাত্র দু’মাসের মাথায়, গত ৬ মে তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়। জানা গিয়েছে, মার্চ মাসের বেতন হিসেবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ৭৪৭ টাকা জমা পড়েছিলো। কিন্তু হঠাৎ চাকরি চলে যাওয়ার পর পরিবারটি চরম মানসিক ও সামাজিক চাপে পড়ে বলে অভিযোগ। বিকাশ কুমার টুংয়ের দাবি, এই ঘটনার পর তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং গভীর অবসাদের মধ্যে রয়েছেন।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তের দাবিতে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী ডা. মানস রঞ্জন ভুঁইয়া এবং অভিযুক্ত দুই তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


