১০০ দিনে একগুচ্ছ প্রকল্প, সুন্দরবন উন্নয়নে বিশেষ জোর রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ডায়মন্ড হারবারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল বিজেপির ডায়মন্ড হারবার ও মথুরাপুর সাংগঠনিক জেলা। সম্মেলনে.....

পশ্চিমবঙ্গ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ডায়মন্ড হারবারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল বিজেপির ডায়মন্ড হারবার ও মথুরাপুর সাংগঠনিক জেলা। সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। মন্ত্রী জানান, সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১২৫ দিনের কাজের সাফল্য, ডিএ প্রাপকদের ২০ শতাংশ ডিএ প্রদানের ব্যবস্থা, উত্তরবঙ্গে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ, অন্নপূর্ণা ভান্ডার এবং আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়। সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা, বিজেপি নেতা দীপক হালদার, অতনু সাঁতরা-সহ দলের একাধিক নেতৃত্ব। এদিন ফলতা বিধানসভাকে একটি মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিধায়ক দেবাংশু পান্ডা। এলাকার পরিকাঠামো উন্নয়ন, সাধারণ মানুষের পরিষেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ফলতাকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করা হবে বলে জানান তিনি।

 

পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি। সাংবাদিক সম্মেলন থেকে সুন্দরবনের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান-সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে আরও কাজ করার বার্তা দেওয়া হয়। সুন্দরবন এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন