কলকাতার নিউ মার্কেট ও ধর্মতলা চত্বরে অগ্নিনিরাপত্তা নিয়ে শনিবার আরও কড়া পদক্ষেপ করল প্রশাসন। পুরসভা, দমকল ও নিউ মার্কেট থানার যৌথ অভিযানে একের পর এক হোটেল ও রেস্তরাঁয় হানা দেওয়া হয়। বৈধ নথি, ফায়ার লাইসেন্স এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় নতুন করে ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ করেছে দমকল।
প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার ১৩টি হোটেলকে শোকজ করা হয়েছিল। শুক্রবার আরও ১৭টি হোটেলকে ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহির নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, তাদের অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেয়নি। কেউ উত্তর দিলেও সেই নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। শনিবারও তিনটি হোটেলে তালা ঝোলানো হয়েছে। এর আগে শুক্রবার ১৩টি হোটেল সিল করা হয়েছিল। সব মিলিয়ে ধর্মতলা এলাকায় সিল করা হোটেলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।
অভিযানে আরও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুরসভার নথি অনুযায়ী, নিউ মার্কেট এলাকার বহু বাড়িই মূলত আবাসিক ভবন। সেখানে হোটেল ব্যবসার প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ। একাধিক হোটেলে বৈধ পুর নথি, ফায়ার লাইসেন্স তো নেই-ই, এমনকী পর্যাপ্ত জলের ব্যবস্থাও নেই বলে জানা গিয়েছে।
অভিযান ঘিরে প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজরদারির মধ্যেই বছরের পর বছর কীভাবে এই অনিয়ম চলল? শনিবার মার্কুইজ স্ট্রিটে পরিদর্শনে গিয়ে একই প্রশ্ন তোলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, শুধু শোকজ করে আর লাভ নেই, নিয়ম ভাঙা হোটেল সরাসরি সিল করা উচিত। পাশাপাশি এতদিন ধরে কীভাবে বেআইনি হোটেল ব্যবসা চলল, তারও জবাবদিহি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


