২০২৭-এর জানুয়ারিতে নিউ টাউনে ইন্ডিয়া এনার্জি উইক, প্রস্তুতি শুরু শহরজুড়ে

রাজ্যে পালাবদলের পর আন্তর্জাতিক স্তরের বিভিন্ন অনুষ্ঠানের জন্য কলকাতার গুরুত্ব বাড়ছে। বিশ্ব যোগ দিবসের পর এবার শহরে আয়োজিত হতে চলেছে.....

রাজ্যে পালাবদলের পর আন্তর্জাতিক স্তরের বিভিন্ন অনুষ্ঠানের জন্য কলকাতার গুরুত্ব বাড়ছে। বিশ্ব যোগ দিবসের পর এবার শহরে আয়োজিত হতে চলেছে আরও একটি বড় আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’।

ভারতের অন্যতম বৃহৎ শক্তি ও জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন হিসেবে পরিচিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রায় ৯০টি দেশের প্রতিনিধি এবং ৭০০টি তেল সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে তেল, গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি, জ্বালানি ব্যবহারের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট ব্যবসার প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

এর আগে বেঙ্গালুরু, গোয়া ও দিল্লিতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এবার কলকাতাকে বেছে নেওয়ায় শহরের আন্তর্জাতিক গুরুত্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই কলকাতায় এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদেশি অতিথি ও প্রতিনিধিদের থাকার জন্য শহরের একাধিক নামী হোটেলে ইতিমধ্যেই বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে সম্মেলনকে কেন্দ্র করে কলকাতার রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিকেও নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবন্দর থেকে নিউ টাউনের কনভেনশন সেন্টার এবং অতিথিদের হোটেল পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত কাজ হবে। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের আধিকারিকরা বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন। চলতি মাস থেকেই সেই কাজ শুরু হওয়ার কথা। আন্তর্জাতিক অতিথিদের স্বাগত জানাতে আগামী কয়েক মাসে নতুন সাজে সেজে উঠবে কলকাতা।

আরও পড়ুন