দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে গান্ধী ময়দান থেকে রাজভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু মিছিল সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে গেলেই বাধা দেয় পুলিশ। এরপরই ব্যারিকেড ভেঙে জোর করে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, পুলিশের ব্যারিকেড সত্ত্বেও শিক্ষার্থীরা একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন।
উত্তেজনা বাড়লে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনেককে আটক করে নিয়ে যায় পুলিশ। ডিএসপি কামাখ্যা নারায়ণ সিং বলেন, সিনিয়র আধিকারিকদের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। তাঁরা আশা করছেন যে, ছাত্ররা মিছিল বাতিল করবেন। এদিন আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতেই পুলিশ আটকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। এর মধ্যেও মিছিল এগিয়ে নিয়ে যান বিক্ষোভকারীরা। পুলিশ তাঁদের সতর্ক করে দেন যে তাঁদের আর এগোতে দেওয়া হবে না।


