ক্যামাক স্ট্রিটে নিজের দফতরের বিলবোর্ড খোলার ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপিকে বলব, অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রয়েছে।বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের বিলবোর্ড খোলা নিয়ে উত্তেজনা ছড়ায়।
কলকাতা পুরসভার কর্মীরা পুলিশের উপস্থিতিতে ওই বিলবোর্ড খুলতে গেলে দফতরের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা ও হাতাহাতির অভিযোগ ওঠে। পুরসভার তরফে বিলবোর্ডটি বেআইনি বলে দাবি করা হয়। অভিষেকের অভিযোগ ছিল, বিলবোর্ড খোলার জন্য দেওয়া নোটিসে বৈধ স্ট্যাম্প ছিল না। শেষ পর্যন্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট নাগাদ বিলবোর্ডটি খুলে দেওয়া হয়। ঘটনাটি পরে আদালত পর্যন্ত গড়ায়।এদিনের সভায় সেই প্রসঙ্গ তুলে অভিষেক অভিযোগ করেন, একটি সাইনবোর্ড খোলার জন্য গোটা কলকাতা পুলিশ নামানো হয়েছিল। যদিও বিষয়টি বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্ট মামলায় বিচারপতি রাজা বসু চৌধুরীর পর্যবেক্ষণ, নতুন করে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার সুযোগ নেই।
পাশাপাশি বিলবোর্ডের বৈধতা নিয়ে পুরসভাকে প্রয়োজনীয় তথ্য জানাতে বলা হয়েছে।অভিষেকের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, বিলবোর্ড খোলার পিছনে কারণ রয়েছে। তাঁর কথায়, গণতান্ত্রিক দেশে আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার সকলেরই রয়েছে।এদিকে ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট তিনটি মামলা দায়ের হয়েছে এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

