উত্তর দিনাজপুরে পঞ্চায়েতের উন্নয়নকাজে মন্ত্রীর পর্যালোচনা বৈঠক

আগামী দিনে জেলার গ্রামাঞ্চলে উন্নয়নের গতি বাড়াতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন.....

আগামী দিনে জেলার গ্রামাঞ্চলে উন্নয়নের গতি বাড়াতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকে আবাস যোজনা, এমজিএনআরইজিএ, জিআরএস, শৌচালয় নির্মাণ-সহ একাধিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 

 

সাধারণ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া এবং পঞ্চায়েত এলাকার উন্নয়নকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, জেলাশাসক সেভালে অভিজিৎ টুকারাম, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিধায়ক উৎপল ব্রহ্মচারী ও হরিপদ বর্মন-সহ পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। বৈঠকে কর্মীসংকটের বিষয়টি গুরুত্ব পায়। মন্ত্রী জানান, দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় দপ্তরে কর্মীর ঘাটতি রয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়াতে পিএসসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রায় ১১ হাজার কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

 

 

পুজোর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলেও তিনি জানান। জেলা পরিষদের প্রশাসনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সভাধিপতি পম্পা পালের ইস্তফার পর পদটি শূন্য থাকলেও উন্নয়নমূলক কাজ যাতে থমকে না যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নির্বাচিত সদস্যদের মধ্য থেকেই নতুন সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী। পঞ্চায়েত দপ্তরের কাজে স্বচ্ছতা বজায় রাখার বার্তাও দেন তিনি। অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। গ্রামীণ পরিকাঠামো, কর্মসংস্থান, আবাসন, কর্মদিবস সৃষ্টি ও নাগরিক পরিষেবায় গতি আনার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসনিক মহলের মতে, আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বৈঠকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন