ছোটবেলায় যে রেলপথে ট্রেন চলতে দেখেছেন, সেই রেলপথেই এক সময় হকারি করে জীবিকা নির্বাহ করেছেন। পরে সেই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় হারিয়েছেন কাজও। দীর্ঘ বছর পর সেই রেল পরিষেবা ফেরানোর দাবিতেই শনিবার রেললাইনে শুয়ে প্রতিবাদে সামিল হলেন ৭০-ঊর্ধ্ব বৃদ্ধ রাজকুমার দেবনাথ। তাঁর এই অভিনব প্রতিবাদকে ঘিরে আমঘাটা হল্ট স্টেশন চত্বরে ছড়াল উত্তেজনা। কৃষ্ণনগর থেকে আমঘাটা হয়ে ঐতিহাসিক নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল সম্প্রসারণের দাবিতে রেললাইন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
চর স্বরূপগঞ্জ এলাকার বাসিন্দা রাজকুমার দেবনাথ বলেন, ছোট থেকেই দেখেছি এই রুটে ছোট ট্রেন চলত। আমার বাবা-দাদুর আমল থেকেই এই ট্রেন চলেছে। পরবর্তী সময়ে আমিও এই ট্রেনে হকারি করতাম। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় আমার মতো অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই নবদ্বীপ ঘাট পর্যন্ত আবার রেল চালুর দাবিতে আন্দোলনে সামিল হয়েছি। অবিলম্বে এই রেল চালু করা হোক।এদিন নবদ্বীপ ব্লকের তেওরখালি এলাকা থেকে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ সেই পদযাত্রা এসে পৌঁছয় আমঘাটা হল্ট স্টেশনে।
এরপর স্টেশন চত্বরে রেললাইনে বসে বিক্ষোভ শুরু করেন কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে রাজকুমার দেবনাথ-সহ কয়েক জন রেললাইনে শুয়ে পড়েন। পাশাপাশি স্টেশন সংলগ্ন রাস্তাতেও অবরোধ করা হয়।
রেললাইনে অবরোধের জেরে আমঘাটা স্টেশনে আটকে পড়ে ডাউন শিয়ালদহ লোকাল। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। ১টা ৫৩ মিনিটের ডাউন ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা পর বিকেল ৩টে নাগাদ ফের চলতে শুরু করে।


