১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মেয়েরা

তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে তাদের নিজেদের ঘরের মাঠেই স্তব্ধ করে দিল আর্জেন্টিনা। শনিবার আমস্টারডামে অনুষ্ঠিত এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপ ২০২৬-এর.....

তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে তাদের নিজেদের ঘরের মাঠেই স্তব্ধ করে দিল আর্জেন্টিনা। শনিবার আমস্টারডামে অনুষ্ঠিত এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ডাচদের ৩-১ ব্যবধানে পরাস্ত করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল ‘লাস লিওনাস’। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর মহিলা হকির বিশ্ব খেতাব পুনরুদ্ধার করল আর্জেন্টিনা।

 

বিশ্বকাপের মেগা ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু থেকেই জমে ওঠে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক ৫১ সেকেন্ড আগে পাওয়া পেনাল্টি কর্নার থেকে দর্শনীয় গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইব্বি জানসেন। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। ম্যাচের চতুর্থ কোয়ার্টারের শেষ বাঁশি বাজার ঠিক ৬ মিনিট আগে পেনাল্টি কর্নারের ফিরতি বল জালে জড়িয়ে সমতা ফেরান মারিয়া গ্রানাতো (১-১)। নির্ধারিত সময় সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে আর্জেন্টিনা গোলরক্ষক ক্রিস্টিনা কোসেন্তিনো অতিমানবীয় পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচসেরার খেতাব জেতেন। শুটআউটে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

 

আবেগাপ্লুত ক্রিস্টিনা জানান, বিগত অলিম্পিক ও বিশ্বকাপের না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে এই জয় তাঁদের প্রাপ্য ছিল। পুরস্কার তালিকা : সেরা খেলোয়াড় (টুর্নামেন্ট) : শার্লট এঙ্গলবার্ট (বেলজিয়াম), সেরা উদীয়মান তারকা : জোয়ি দিয়াজ (আর্জেন্টিনা), সেরা গোলরক্ষক : জোসলিন বার্ট্রাম (অস্ট্রেলিয়া), সর্বোচ্চ গোলদাতা : ইব্বি জানসেন (নেদারল্যান্ডস – ৮টি গোল)। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয় বেলজিয়াম। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন শার্লট এঙ্গলবার্ট। এর ফলে দীর্ঘ ৪৮ বছর পর (১৯৭৮ সালের পর প্রথমবার) বিশ্বকাপের মঞ্চে পদক জয়ের অনন্য নজির গড়ল বেলজিয়ামের মেয়েরা।

আরও পড়ুন