মোদীকে উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ,বাবর-প্রসঙ্গে বিজেপি-আরএসএসকে খোঁচা ওয়াইসির

উজবেকিস্তান সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অলিয়ি দারাজালি দোস্তলিক-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই সম্মান তুলে দেওয়া.....

উজবেকিস্তান সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অলিয়ি দারাজালি দোস্তলিক-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদানকে স্বীকৃতি জানিয়েই এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।সম্মান প্রাপ্তির পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নিজেও। তিনি লেখেন, এই বিরল সম্মান পেয়ে তিনি গর্বিত, এবং ভারত-উজবেকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিই তিনি এই সম্মান উৎসর্গ করছেন।তবে এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই সম্মান প্রাপ্তির প্রসঙ্গ টেনে মুঘল সম্রাট বাবরের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি ও আরএসএস-কে নিশানা করেছেন।

 

তাঁর বক্তব্য, বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত ফারগানা উপত্যকার সঙ্গেই বাবরের জন্মভূমির যোগসূত্র রয়েছে, আর সেই দেশ থেকেই এবার প্রধানমন্ত্রী সম্মানিত হলেন।ওয়াইসি কটাক্ষের সুরে বলেন, বিজেপিকে তিনি অভিনন্দন জানাচ্ছেন, কারণ যে দেশ থেকে বাবর একদিন ভারতে পা রেখেছিলেন, সেই দেশই এখন প্রধানমন্ত্রীকে সম্মান জানাল। এর পাশাপাশি তিনি এই বলেও খোঁচা দেন যে, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই কোনও না কোনও পুরস্কার নিয়ে দেশে ফেরেন।দীর্ঘদিন ধরেই বিজেপি ও আরএসএস-এর রাজনৈতিক বক্তব্যে বাবরের প্রসঙ্গ বারবার উঠে এসেছে বলে উল্লেখ করেন ওয়াইসি। তাঁর দাবি, এতদিন বাবরের নাম করে বিরোধীদের বহুবার আক্রমণ করা হয়েছে, অথচ এবার সেই একই ঐতিহাসিক যোগসূত্র থাকা দেশ থেকেই প্রধানমন্ত্রী বেসামরিক সম্মান পেলেন। এই বৈপরীত্যকে সামনে রেখে তিনি প্রশ্ন তোলেন, এখন আরএসএস ও সংঘ পরিবার এই বিষয়ে কী প্রতিক্রিয়া দেবে এবং এই ঘটনার পর তাদের আত্মসমীক্ষা করা উচিত কি না।উজবেকিস্তানের এই সম্মান প্রধানমন্ত্রীর জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়।

 

এর আগেও একাধিক দেশ তাঁকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে,ইন্দোনেশিয়া তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান বিনতাং আদিপুর্ণা অব দ্য রিপাবলিক অব ইন্দোনেশিয়া প্রদান করে।সেশেলস তাঁকে গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করে।ইজরায়েল তাঁকে মেডাল অব দ্য নেসেট সম্মান দেয়।রাশিয়া তাঁকে অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মানে ভূষিত করে।আমেরিকা তাঁকে লিজিয়ন অব মেরিট সম্মান প্রদান করে। উজবেকিস্তানের সাম্প্রতিকতম এই সম্মান নিয়ে যেমন কূটনৈতিক মহলে প্রশংসা শোনা যাচ্ছে, তেমনই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাবর-প্রসঙ্গ তুলে নতুন বিতর্কও উস্কে দিয়েছেন ওয়াইসি।

আরও পড়ুন