বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তিনি। ৬০-এ পা দিয়েও সলমন খান এখনও অবিবাহিত। কেন ছাঁদনাতলায় গেলেন না ভাইজান? এবার ছেলের বিয়ে না হওয়ার আসল কারণ খোলসা করলেন পিতা সেলিম খান। তাঁর দাবি, সলমন আসলে তাঁর জীবনসঙ্গিনীর মধ্যে নিজের মা সালমা খানের প্রতিচ্ছবি খোঁজেন। আর ঠিক এই জায়গাতেই আটকে যাচ্ছে বিয়ের পিঁড়ি।
সেলিম খানের কথায়, সলমন অল্প বয়স থেকে সিনেমার জগতে রয়েছেন।
রুপোলি পর্দার চকমকে দুনিয়ায় কাজ করতে গিয়ে সহ-অভিনেত্রীদের প্রেমে পড়াটাই স্বাভাবিক। সংগীতা বিজলানি, ঐশ্বর্যা রাই বচ্চন থেকে ক্যাটরিনা কইফ— বি-টাউনের বহু সুন্দরীর সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর। কিন্তু সেলিম জানান, সলমন এমন এক মেয়েকে চান, যিনি বিয়ের পর সংসারী হবেন। সন্তানদের মানুষ করবেন, স্কুলে নিয়ে যাবেন এবং ঘরের দেখভাল করবেন।
অথচ বিনোদন জগতের উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীদের পক্ষে সাধারণ মানুষের মতো এমন সংসার করা সম্ভব নয়। বাবা সেলিম স্পষ্ট বলেন, ‘সলমন আসলে নিজের মায়ের প্রতিচ্ছবি খোঁজে। যেটা ওর মা করেছে ওদের জন্য, সলমন চায় ওর সঙ্গিনীও তেমনটাই করুক। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়।’
সলমনের জীবনে প্রেম ও বিচ্ছেদ দুই-ই এসেছে ঝড়ের গতিতে। বিশেষ করে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে তাঁর প্রেম ও তিক্ত বিচ্ছেদ নিয়ে চর্চা এখনও থামেনি। সেলিম খানের এই সাম্প্রতিক মন্তব্যের পর নেটপাড়ার একাংশের ধারণা, ইঙ্গিতটি হয়তো ঐশ্বর্যার দিকেই। বলিপাড়ায় এমন গুঞ্জনও রয়েছে যে, শাহরুখ খানের বাড়িতে নাকি একবার নিজের মাকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে অনেকের মনেই সন্দেহ আছে।
সময় থমকে থাকেনি। ঐশ্বর্যা এখন অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধেছেন, ক্যাটরিনা কইফও ঘরনি হয়েছেন ভিকি কৌশলের। ওদিকে রোমানিয়ান মডেল-গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সলমনের সম্পর্কের ফিসফাস শোনা গেলেও ভাইজান সেখানে থিতু হবেন কি না, তা এখনও এক বিরাট প্রশ্ন চিহ্ন।


