পূর্বনির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও মিলল না টিআরসি রুম ব্যবহারের অনুমতি। বিএসএনএল কর্তৃপক্ষ এবং শাসকদলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ অসহযোগিতার অভিযোগ তুলে শিলিগুড়ির জিএম অফিসের সামনেই বিক্ষোভে ফেটে পড়ল ভারতীয় মজদুর সংঘ (BMS) পরিচালিত ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়ন।
কর্তৃপক্ষের এই বাধার প্রতিবাদে শেষ পর্যন্ত অফিসের বাইরেই প্রায় ৬৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে প্রকাশ্য সভা সম্পন্ন করে সংগঠনটি। এই কর্মসূচীর মাঝেই অন্যান্য রাজনৈতিক ট্রেড ইউনিয়ন ছেড়ে প্রায় ২০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় মজদুর সংঘে যোগদান করে, যা উত্তরবঙ্গের শ্রমিক রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সার্কেল সম্পাদক বৈদ্য দে, শিলিগুড়ি সম্পাদক মিহির হালদার, বিএমএস নেতা বিশ্বজিৎ গুহ এবং কনভেনার রামপ্রসাদ রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সার্কেল সম্পাদক বৈদ্য দে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “অন্যান্য ট্রেড ইউনিয়নগুলো দীর্ঘদিন ধরে শ্রমিকদের শুধু শোষণই করে এসেছে। একমাত্র বিএমএস-ই শ্রমিকদের প্রকৃত স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর।”

